কাল থেকে আবার ৭২ ঘণ্টার হরতাল
আবারও দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। কাল রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে জোটের পক্ষে হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ।
এর আগে কাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা এবং রাজশাহী বিভাগের আটটি জেলায় ৪৮ ঘণ্টা হরতাল ডাকে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবির। গত এক মাসে সাত নেতাকে হত্যা, নির্বিচারে নেতা-কর্মীদের গুম, গুলি, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও গণগ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী অঞ্চল এ কর্মসূচির ঘোষণা দেয়।
আর রোববার থেকে জোটের ৭২ ঘণ্টার হরতাল সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বিবৃতিতে বলেন, দেশব্যাপী ক্রসফায়ারে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা, গুলি করে পঙ্গু ও আহত করা, সারা দেশে গণগ্রেপ্তার ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।
বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা মারার জন্য স্থানীয় যুবলীগ নেতা মানিক ও বাবুলকে দায়ী করেন। তাঁদের পেট্রলবোমাসহ আটকের পর পুলিশ ছেড়ে দেয় বলে বিবৃতিতে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলতে চাই, যাত্রাবাড়ী ও চৌদ্দগ্রাম ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং এর বাস্তবায়নকারী রেলমন্ত্রী ও তাঁর নেতা-কর্মীরা।’