কাল ধানমন্ডিতে আ.লীগের নতুন কার্যালয়ে বসবেন নেতারা
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির জন্য ধানমন্ডিতে নেওয়া আওয়ামী লীগের নতুন কার্যালয় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা সন্ধ্যায় বসবেন। ধানমন্ডিতে ৩/এ সড়কে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রাজনৈতিক কার্যালয় রয়েছে। এর পাশেই নতুন এ কার্যালয়টি নেওয়া হয়েছে।
২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এখন দলটির কার্যক্রম পরিচালিত হয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। এখন থেকে নির্বাচনী কার্যালয়টিও ব্যবহৃত হবে।
জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোকে বলেন, নতুন কার্যালয়টি তাঁরা ব্যবহার করছেন। তবে কাল সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে বসবেন। এ কার্যালয় থেকে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমও চালানো হবে।