কাল নির্বাচন, আজ বর্জনের ঘোষণা আ.লীগ প্রার্থীর
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুখতার আহমেদ মৃধা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
শৈলকুপা প্রেসক্লাবে আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুখতার আহমেদ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন তিনি। কাল শনিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা মুখতার মৃধা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। তিনি বলেন, প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিনের সমর্থকেরা তাঁর লোকজনকে প্রতিনিয়ত মারধর করছেন। তাঁর নির্বাচনী মাইক ভাঙচুর ও পোস্টার ছেঁড়া হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। কারণ, প্রশাসনের এক কর্মকর্তার সঙ্গে প্রার্থী হেলালের সখ্য রয়েছে। এ কারণে তিনি নৌকা প্রতীক পেলেও প্রশাসনের সঠিক আচরণ পাননি। তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। তাই নির্বাচনের মাঠ থেকে সরে যেতে বাধ্য হলেন।
আওয়ামী লীগের প্রবীণ এই নেতার আরও অভিযোগ, দলীয় প্রার্থী হলেও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহযোগিতা তিনি পাননি। নেতাদের অনেকে বিত্তশালী প্রার্থী হেলালের পক্ষে কাজ করছেন।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ওরফে সোনা সিকদার বলেন, দলীয় নেতারা তাঁর (মুখতার মৃধা) পক্ষে নেই, কথাটি ঠিক নয়। তিনি আসলে কারও সহযোগিতা চাননি বলেই নেতারা যাননি।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ইউপিতে পক্ষপাতিত্ব করার অভিযোগ রয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন তরিকুল ইসলাম।
জানতে চাইলে তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। এরপরও একজন প্রার্থী কেন নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন, তা তিনি বুঝে উঠতে পারছেন না।