কাল নোয়াখালী, পিরোজপুর ও গাইবান্ধায়, পরশু রাজবাড়ীতে হরতাল
নোয়াখালী ও গাইবান্ধায় আগামীকাল রোববার হরতাল ডেকেছে বিএনপি। একই দিনে পিরোজপুরে আধাবেলা হরতাল ডেকেছে লেবার পার্টি। পরশু সোমবার রাজবাড়ীতে হরতাল ডেকেছে বিএনপি।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর।
নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলা যুবদলের কর্মী মোরশেদ আলম ওরফে পারভেজ চৌধুরীকে হত্যার প্রতিবাদে কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। আজ শনিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হরতালের এ ঘোষণা দেন।
বিকেলে দলের যুগ্ম সম্পাদক রায়ছুল হায়দার ও সাংগঠনিক সম্পাদক মো. ইউছুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে মোরশেদ আলমকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
রাজবাড়ী: আজ দুপুর ১২ টার দিকে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার রাজবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, সারা দেশে বিএনপির কর্মসূচিতে সরকারের নিষেধাজ্ঞা, পুলিশের অত্যাচার, গুলি করে মানুষ হত্যা, গুম, মিথ্যা মামলা, নির্যাতন ও নেতা-কর্মীদের বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।
পিরোজপুর: লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে কাল পিরোজপুরে আধাবেলা হরতাল ডেকেছে জেলা লেবার পার্টি। সকাল ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত জেলায় এ হরতাল পালন করা হবে।
আজ সকালে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,১৫ জানুয়ারি ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। এর প্রতিবাদে এবং মোস্তাফিজুর রহমানসহ ২০-দলীয় জোটের কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডেকেছে দলটি।
গাইবান্ধা: খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও সারা দেশে গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা বিএনপি কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন।