কাল পাঁচ জেলায় হরতাল
ঢাকার পাশের তিন জেলাসহ দেশের পাঁচটি জেলায় আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। জেলাগুলো হলো: নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নোয়াখালী ও কুমিল্লা। প্রথম চারটি জেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে অবরোধ তুলে নেওয়া, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে এবং বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতাদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে হরতাল ডাকা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, কাল নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
গাজীপুর: জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন কাল হরতাল কর্মসূচি দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। হরতালের কারণে বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের বাড়ি ফেরায় সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি জানান, ইজতেমায় যোগ দেওয়া মুসল্লিরা আজকের মধ্যেই চলে যাবেন। তাই সোমবারের হরতালে তাঁদের বাড়ি ফেরায় সমস্যা হবে না।
মানিকগঞ্জ: খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের প্রতিবাদে কাল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। আজ দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ডাকা হয়।
নোয়াখালী: জেলার চাটখিল উপজেলায় কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। উপজেলার পরকোট ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতা বাবা-ছেলেকে আটক এবং খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে আজ দুপুরে এ হরতাল ডাকা হয়। এদিকে, বাবা-ছেলেকে আটকের প্রতিবাদে আজ দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে বিএনপির উপজেলা কমিটির সদস্য দেওয়ান শামিম আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। জানতে চাইলে হরতাল ডাকার কথা নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পেয়ার আহম্মেদ।
কুমিল্লা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে নতুন করে ট্রাক আনা এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে জেলায় কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর এ তথ্য জানিয়েছেন।