কাল বিএনপির অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। প্রথম আলো ফাইল ছবি
রুহুল কবির রিজভী। প্রথম আলো ফাইল ছবি

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে তৃণমূলের নেতারা তাঁদের সুবিধামতো জায়গায় অবস্থান কর্মসূচি পালন করবেন। ঢাকায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। একই দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। এরপর বুধবার অনশন কর্মসূচি পালনের চিন্তা রয়েছে দলটির।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির অর্থদণ্ডসহ ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। ৮ ফেব্রুয়ারি এ রায় ঘোষণার পর থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী রয়েছেন।