কাল ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে এবং গুম-খুন-নির্যাতন, জাতীয় সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে ২০-দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। কিন্তু এতে কে সভাপতিত্ব করবেন, এ নিয়ে গতকাল রোববার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলের জ্যেষ্ঠ ও শীর্ষস্থানীয় কয়েকজন নেতা-কর্মী দেশের বাইরে আছেন। তাঁদের মধ্যে সদর আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. হারুন আল রশিদ এবং সাবেক সাংসদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুশফিকুর রহমান দলীয় কাজে বর্তমানে চীন সফরে রয়েছেন। এদিকে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান মোল্লা গেছেন হজে।
জেলা বিএনপির সদস্যসচিব জহিরুল হক গতকাল সন্ধ্যায় বলেন, জনসভায় কে সভাপতিত্ব করবেন, তা এখনো ঠিক হয়নি। তবে সমস্যার কিছু নেই। এ বিষয়ে শিগগিরই কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে।