
রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট। শেষ মুহূর্তে এখন নানা হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত ভোটার ও প্রার্থীরা।
শুরু থেকে গতকাল প্রচারের শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় জনমনে যেমন স্বস্তি আছে, আবার ভোটের দিন পরিবেশ কেমন থাকে, তা নিয়ে শঙ্কাও আছে।
এই আশঙ্কা কেন? জানতে চাইলে তোলারাম কলেজের ছাত্র রাহুল ঘোষ প্রথম আলোকে বললেন, কয়েক বছর ধরেই ভোটের চিত্র ভালো নয়। আর নারায়ণগঞ্জের প্রেক্ষাপট তো ভিন্ন। তিনি বলেন, এবার মেয়র প্রার্থীদের নিয়ে সমস্যা নেই। এখানে সুষ্ঠু নির্বাচনের জন্য আশঙ্কার কারণ হয়ে উঠেছেন প্রার্থী নন এমন প্রভাবশালী ব্যক্তি বা তাঁদের অনুসারীরা।
একই রকম মত দিলেন শহরের দুই ব্যবসায়ী মতিন সরকার ও সানাউল হক। আর প্রার্থীরা যদিও সুষ্ঠু ভোটের আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু সুষ্ঠু হবেই—এমন কথা জোর দিয়ে কেউই বলতে পারছেন না।
আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর ‘তৃতীয় পক্ষ’ নিয়ে শঙ্কা কাটেনি। বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান গতকাল পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট। ভোটের দিন নিয়ে শঙ্কা থাকলেও তিনি নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখেছেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক মাহফুজুল হক নুরুজ্জামান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জে সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে কোনো ছাড় দেওয়া হবে না। অবস্থা বিবেচনায় প্রয়োজনে গুলি করা হবে। যদি কোনো পুলিশ সদস্য গুলি না ছোড়েন, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল নির্বাচনী প্রচারের শেষ দিনে পুরো সিটি করপোরেশন এলাকা ছিল সরগরম। মেয়র প্রার্থীদের মধ্যে আইভীর পক্ষে প্রচার ছিল বেশি জমজমাট। ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় আইভীর কাছে জানতে চাওয়া হয়, ‘তৃতীয় পক্ষ’ নিয়ে তাঁর শঙ্কা এখনো আছে কি না? জবাবে তিনি বলেন, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করে, তাহলে এই শঙ্কা থাকবে না। কেউ প্রভাব বিস্তার করতে পারবে না।
আর বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, পরিস্থিতি এখনো ভালো। তবে ভোটের দিন কী
হবে, তা বলা কঠিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখছি। দেখা যাক তারা কী করে।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী কাউন্সিলর প্রার্থীদের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। তাঁরা কী করছেন, কোথায় যাচ্ছেন, সেগুলো দেখা হচ্ছে।
এই নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অন্তত ৩৪ জন সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন মামলার আসামি। গতকাল পর্যন্ত এসব প্রার্থী বা তাঁদের অনুসারীরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি।
তবে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফুল হাসান অভিযোগ করেন, সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন কারাগারে থেকেই নির্বাচনে প্রভাব ফেলছেন। সিদ্ধিরগঞ্জে তাঁর লোকজনের আনাগোনা বেড়েছে। একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে নূর হোসেনের স্ত্রী প্রকাশ্যে প্রচারে নামায় অনেকে শঙ্কিত।
একই কথা বললেন সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামও।
১৩, ১৪, ১৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পপি রানী সরকার শুরু থেকেই নানা বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করে আসছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, একটা কথা কেউ বলছে না, সেটা হলো প্রভাবশালী প্রার্থীরা টাকা ছড়াচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের পথে এটা একটা বাধা।
ভোট নিয়ে কথা হচ্ছিল কদমরসুল এলাকার ভোটার আইরিনের সঙ্গে। তিনি বলেন, কাকে ভোট দেবেন, তা তিনি চূড়ান্ত করে ফেলেছেন। তবে ভোটকেন্দ্রে যাবেন কি না, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। পরিস্থিতি ভালো থাকলে দুপুরের দিকে ভোট দিতে যাবেন। আর কলেজছাত্র মনিরুল বললেন, তিনি একবারে শুরুর দিকে ভোট দেবেন। কেননা সকালের দিকে পরিবেশ ভালো থাকে।
অবশ্য জেলা পুলিশ সুপার মঈনুল হক প্রথম আলোকে বলেন, ভোট সুষ্ঠু হবে। কোনো পক্ষকে বাধা দিতে দেওয়া হবে না। ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে আসেন এবং বাড়ি ফিরে যেতে পারেন, সে জন্য সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। একইভাবে ভোটারদের আশ্বস্ত করেছেন র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসানও।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সোমবার সন্ধ্যা থেকে নগরে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা এলাকায় টহল দিচ্ছে। বিপুলসংখ্যক পুলিশকে শহরের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। সক্রিয় হয়েছেন ভ্রাম্যমাণ আদালতও। জেলা প্রশাসন বলছে, ভোটের দিনও ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন।