কাল লক্ষ্মীপুরে ছাত্রলীগের পদবঞ্চিতদের হরতাল
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আগামীকাল সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন পদবঞ্চিতরা। আজ রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুনও দেন তাঁরা।
গতকাল রোববার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলকে সভাপতি করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা দেয়। এর প্রতিবাদে আজ সকালে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আশরাফুল ইসলামের সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা দুইটার দিকে শহরের মাদাম এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন তাঁরা। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিতরা। তাঁরা শহরের ঝুমুর এলাকায় কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে কারা হামলা করেছে জানি না। আমরা খবর পেয়ে এসেছি।’
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন বলেন, ‘পদবঞ্চিতরা জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে বলে শুনেছি।’
অপরদিকে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের নেতৃত্বে আরেকটি মিছিল শহর ঘুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে অবস্থান নিয়েছে। ছাত্রলীগের দুই অংশের পাল্টাপাল্টি মিছিলের কারণে শহরে উত্তেজনা বিরাজ করছে।