কাল-পরশু জোটের বিক্ষোভ
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করার উদ্যোগের প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশে এবং পরদিন বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোট।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, আগামীকাল দেশের সব জেলা সদর ও মহানগরে এবং পরশু ঢাকায় কর্মসূচি পালন করা হবে। ঢাকায় কর্মসূচি পালনের সময় পরে জানানো হবে।
বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে নিতে কোনো পক্ষ থেকেই কোনো ধরনের তাগিদ ছিল না। সরকার নিজে থেকে এটি করেছে। এর মাধ্যমে বোঝা যায়, এর পেছনে একটি কুটিল চক্রান্ত আছে। এভাবে বিচারপতিদের হুমকির মধ্যে রাখার চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।
কর্মসূচি ঘোষণার সময় ২০–দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
আরও জানতে পড়ুন
সাংবিধানিক পদের সবাইকে সরাতে পারবে সংসদ