হরতাল থেকে সরে এল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘণ্টার হরতাল শেষে কাল বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ মঙ্গলবার জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা এই কর্মসূচি ঘোষণা করেন।
এবার অন্যান্যবারের মতো সপ্তাহের শেষ দুই কর্মদিনে হরতাল বাড়ানোর ঘোষণা আসেনি। ফলে দৃশ্যত টানা হরতাল থেকে সরে এল বিএনপি-জোট। তবে জোটের ডাকা লাগাতার অবরোধ অব্যাহত থাকছে। জোটের বিবৃতিতে জানানো হয়, অবরোধের পাশাপাশি কাল সারা দেশে জেলা, থানা, পৌরসভা ও সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল করা হবে। এ ছাড়া পরদিন বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান।
গত ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ পালন করে আসছে বিএনপি। এর পাশাপাশি কয়েক সপ্তাহ ধরে সব কর্মদিনে হরতাল ডেকে আসছে বিএনপি-জোট। প্রতি সপ্তাহেই প্রথমে টানা ৭২ ঘণ্টা এবং দ্বিতীয় দফায় তা আরও ৪৮ ঘণ্টা করে বাড়ানো হতো। ২৬ মার্চকে সামনে রেখে এবার আর সে ধরনের ঘোষণা আসেনি।
বিএনপির সূত্র জানায়, মূলত ২৬ মার্চ স্বাধীনতা দিবস সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলে কর্মসূচি শিথিল করা হবে-এমন চিন্তা করা হচ্ছে। সারা দেশে না হলেও ঢাকা ও চট্টগ্রামে হরতাল-অবরোধ শিথিল করা হতে পারে।
বিবৃতিতে জানানো হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে ২০ দলীয় জোটের সকল ‘গুমকৃত’ নেতা-কর্মীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া এবং সারা দেশে গুম, খুন, বন্দুকযুদ্ধের নামে ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা, গণগ্রেপ্তার ও যৌথ বাহিনী নামে বিশেষ বাহিনীর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে।