কালকের সম্মেলন নিয়ে অনিশ্চয়তা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর কাল শনিবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন। কিন্তু আয়োজনের দৃশ্যমান কোনো প্রস্তুতি না থাকায় আদৌ সম্মেলন হবে কি না—এ নিয়ে দ্বিধায় পড়েছেন নেতা-কর্মীরা।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ এখন চার ভাগে বিভক্ত। জেলা আওয়ামী লীগের চার নেতার হয়ে ছাত্রলীগের নেতারা বিভক্ত হয়ে আছেন। এই চার নেতা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুল হুদা, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আয়ূব বখত জগলুল।
জেলা সম্মেলনের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, শনিবার সম্মেলন হবে না—এ রকম সিদ্ধান্ত এখনো হয়নি। তবে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আসনে উপনির্বাচনসহ নানা কারণে সম্মেলন পিছিয়ে দেওয়ার জন্য কেউ কেউ অনুরোধ করছেন। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শনিবার সম্মেলন না হলেও এ মাসেই কেন্দ্র থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি গঠিত হয় ২০১০ সালের ১৩ অক্টোবরে। তখন ফজলে রাব্বীকে সভাপতি ও রফিক আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়। এরপর এই দুই নেতার পক্ষ হয়ে বিভক্ত হয়ে পড়ে জেলা ছাত্রলীগ। ২০১৩ সালের ১ এপ্রিল সম্মেলন ছাড়াই কেন্দ্র থেকে ফজলে রাব্বীকে সভাপতি ও রফিক আহমদকে সাধারণ সম্পাদক রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়। এরপরও বিভক্তি থেকে যায়।
কেন্দ্র থেকে ১১ মার্চ জেলা সম্মেলন করার জন্য জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি এ চিঠি দেওয়া হয়। এ খবর জানার পর নতুন কমিটিতে পদপ্রত্যাশী নেতারা তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে শহরে পৃথক মহড়া করতে থাকেন। গতকাল জেলা কমিটির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ইশতিয়াক আলম শহরে মিছিল ও সমাবেশ করেছেন। এর আগে রফিক আহমদ ছাড়াও জেলা কমিটির সমাজসেবাবিষয়ক সম্পাদক হাবিব আল হাসান, জেলা শাখার নেতা জিসান এনায়েত রেজা, মাসকাওয়াত জামান, নুর মোহাম্মদ, এনামুল হক রুমেন চৌধুরী নেতা-কর্মীদের নিয়ে পৃথক মিছিল ও সমাবেশ করেন।
ইশতিয়াক আলম বলেন, ‘কোনো প্রস্তুতি চোখে না পড়ায় শেষ পর্যন্ত এবারও সম্মেলন হবে কি না, এ নিয়ে সবার মাঝে একটা সন্দেহ কাজ করছে। তবে নিজেদের অবস্থান জানান দিতে শহরে যেভাবে মিছিল-সমাবেশ হচ্ছে, তেমনি কেন্দ্রেও পদের জন্য লবিংয়ে আছেন নেতারা। আমরা চাই, যাঁরা দলের প্রতি আন্তরিক ও ত্যাগী, তাঁদের দিয়েই কমিটি হোক।’
জিসান এনায়েত বলেন, ‘আমরা চাই সম্মেলন হোক। নতুন কমিটি না হলে সংগঠনে যে স্থবিরতা আছে সেটি কাটবে না।’
রফিক আহমদ বলেন, ‘আমাদের প্রস্তুতি আছে। কিন্তু শেষ পর্যন্ত সম্মেলন হয় কি না, এ নিয়ে চিন্তায় আছি। একটি পক্ষ চায় না সম্মেলন হোক।’ তবে শনিবার কখন, কোথায় সম্মেলন হবে, অতিথি কারা থাকবেন—এ বিষয়গুলো তিনি জানাতে পারেননি।
ফজলে রাব্বী বলেন, ‘সামনে সুনামগঞ্জের দিরাই-শাল্লা আসনের উপনির্বাচন, তা ছাড়া সংগঠনের কয়েকটি উপজেলা কমিটি এখনো হয়নি।Ñ তাই সম্মেলনের তারিখ পরিবর্তনের জন্য আলাপ-আলোচনা করছি। শনিবার সম্মেলন হবে কি না, এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না।’