কালাইয়ে বিএনপির কোন্দল প্রকাশ্যে

জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে ওই এলাকায় বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার কালাইয়ে বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকিরের কুশপুত্তলিকা দাহ করা হয়।
কালাই বাজারের বাসস্ট্যান্ড এলাকার কালাই উপজেলা ও পৌর বিএনপির একাংশ দলীয় কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ করেন। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম। বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া না হলে কয়েক দিনের মধ্যে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
জয়পুরহাট জেলা বিএনপি সূত্র জানায়, কেন্দ্রীয় কাউন্সিল ও জেলা কমিটির সম্মেলনকে সামনে রেখে জয়পুরহাট জেলা বিএনপি ৬ ফেব্রুয়ারি শহরের পৌর কমিউনিটি সেন্টারে একক বর্ধিত সভা করে। ওই সভায় জেলার পাঁচটি উপজেলা ও পাঁচটি পৌর কমিটি ভেঙে দেওয়া হয়। পরদিন ৭ ফেব্রুয়ারি জেলা কমিটির সিদ্ধান্তে ৩১ জন করে সদস্য নিয়ে পাঁচটি উপজেলা ও পাঁচটি পৌর আহ্বায়ক কমিটি করা হয়। জয়পুরহাট সদর উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয় হেনা কবিরকে। সদর পৌর কমিটির আহ্বায়ক হন সামছুল হক। পাঁচবিবি উপজেলা কমিটির আবদুল গফুর মণ্ডল আর পৌর কমিটির আবুল হাসনাত মণ্ডল, কালাই উপজেলার ইব্রাহিম হোসেন ফকির, পৌর কমিটির সাজ্জাদুর রহমান সোহেল তালকুদার, ক্ষেতলাল উপজেলা কমিটির লিয়াকত হোসেন, পৌর কমিটির আবদুল মান্নান মোল্লা, আক্কেলপুর উপজেলা কমিটির জামশেদুল আলম ও পৌর কমিটির আহ্বায়ক করা হয় কামরুজ্জামানকে।
কালাই পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান তালুকদার অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রকৃত ত্যাগী নেতা-কর্মীদের বাদ রেখে যাঁরা দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে থাকেননি তাঁদের আহ্বায়ক কমিটির নেতা করেছেন। সভাপতি-সম্পাদকের এই পকেট কমিটি মানেন না বলে জানান আনিছুর রহমান।
জয়পুরহাট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, একটি বিশেষ মহলের ইঙ্গিতে সমঝোতার মাধ্যমে কমিটি না করে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কালাই উপজেলা ও পৌর বিএনপির যে আহ্বায়ক কমিটি করেছেন তা কালাইয় বিএনপির নেতা-কর্মীরা প্রত্যাখ্যান করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের পছন্দের লোক নিয়ে এসব পকেট কমিটি করেছেন। এসব কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটির দাবি জানান তিনি।
তবে সব অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির নেতা মোজাহার আলী বলেন, বিএনপির দুর্দিনে আন্দোলনে থাকা ও দলীয় রাজনীতিতে সক্রিয়দেরই আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এতে দল আরও সক্রিয় হবে।