কালাইয়ে বিএনপির পাল্টা আহ্বায়ক কমিটি
জয়পুরহাটে কালাই থানা ও পৌরসভা বিএনপির পাল্টা আহ্বায়ক কমিটি গঠন করেছে জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফা ও তাঁর পক্ষ। গতকাল বেলা ১১টার দিকে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত ৮ ডিসেম্বর বিএনপির জেলা সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের অনুসারীরা কালাই উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এ নিয়ে সাবেক ওই দুই সাংসদের কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে।
সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে বলেন, গত ৬ ডিসেম্বর জেলা বিএনপির বর্ধিত সভায় জেলা সভাপতি মোজাহার আলী প্রধান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফাসহ সাতজনকে আহ্বায়ক কমিটি করার দায়িত্ব দেওয়া হয়। ওই সাতজন ৭ ডিসেম্বর চারটি থানা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি করে। কিন্তু ৮ ডিসেম্বর গোলাম মোস্তফাকে না জানিয়ে মোজাহার আলী প্রধান ও ফজলুর রহমান কালাই থানা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
গোলাম মোস্তফা বলেন, কালাইয়ের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে বিএনপির সঙ্গে বেইমানি করে সরকারি দলের সঙ্গে আঁতাতকারী ইব্রাহিম হোসেন ফকিরকে থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে। গত সরকারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল না। তাঁর গাড়ির চালক ও শ্যালককেও কমিটিতে রাখা হয়েছে। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দ্বীন মোহাম্মদ আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে কালাই থানা ও পৌর কমিটির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুস সামাদ মাস্টার ও মোজাহিদুল ইসলামকে থানা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। রেজাউল ইসলাম ও সাজ্জাদুর রহমানকে পৌর বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান বলেন, গোলাম মোস্তফা সাহেব এর আগে থানা ও পৌর বিএনপির সম্মেলনেও পাল্টা কমিটি করেছিলেন। লাভ হয়নি। কালাইয়ের কমিটিতে পরীক্ষিত নেতা-কর্মীদের রাখা হয়েছে। আগামী সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত করা হবে।
গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুস সামাদ মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কালাই পৌর বিএনপির সাবেক সহসভাপতি আনিছুর রহমান তালুকদার, জেলা বিএনপির সদস্য বজলুর রহমানসহ ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী।