কালামের মৃত্যুতে বিএনপি-জামায়াতের শোক

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মৃত্যুতে শোক জানিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের শোক বইয়ে সই করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে শ্রদ্ধা জানাতে যান। এ সময় রিপন হাইকমিশনে রক্ষিত শোকবইয়ে সই করেন। এ সময় বিএনপির পক্ষ থেকে এ পি জে আবদুল কালামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি পত্র ভারতীয় হাইকমিশনে হস্তান্তর করা হয়। হাইকমিশনের রাজনীতি বিভাগের প্রধান রাজেশ উইকি পত্রটি গ্রহণ করেন। বিএনপির প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ ও শামীমুর রহমান। এর আগে গতকাল বুধবার বিএনপির চেয়ারপারসনের পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ ভারতীয় হাইকমিশনে গিয়ে শোক জানান।
অন্যদিকে জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা পৌনে একটায় দলটির নায়েবে আমীর মুজিবুর রহমান ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে শোক বইয়ে সই করেন। তাঁর সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ।