কালিয়াকৈর বিএনপির কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির কমিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে বিলুপ্ত করা হয়েছে। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি কাজী ছাইয়েদুল আলম উপজেলা দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় কাজী ছাইয়েদুল আলম সভাপতিত্ব করেন। এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ, আবদুল হালিম, মাকসুদুর রহমান হেলালী, ইসমাইল হোসেন, আসাদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।
ছাইয়েদুল আলম বলেন, সবার সম্মতিক্রমে উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আ ন ম খলিলুর রহমানকে আহ্বায়ক ঘোষণা করা হয়। দুই দিনের মধ্যে আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। তিন বছরের জন্য কমিটি গঠন হলেও কমিটির মেয়াদ শেষ হওয়ার পর এক বছর পেরিয়ে যায়। ফলে দলীয় কাজে ভাটা পড়েছে। উপজেলা ও পৌর কমিটি গঠনের পর থেকে অভ্যন্তরীণ ও দলীয় কোন্দলের কারণে বিএনপি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলে দলের কেন্দ্রীয় কর্মসূচি এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে উপজেলা ও পৌর বিএনপি সফল হতে পারেনি।