কালিহাতীতে কার নির্দেশে গুলি, প্রকাশের দাবি সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতীতে কোন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি করা হয়েছে, তা প্রকাশ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘সন্তানের সামনে মায়ের শ্লীলতাহানি করার ঘটনায় বিক্ষোভ হওয়া তো স্বাভাবিক। জাতি হিসেবে এটা (বিক্ষোভ) আমাদের গর্বের বিষয়, কিন্তু আপনি গিয়ে নির্বিচারে গুলি চালালেন। এখন পর্যন্ত চারজন মারা গেছে। এভাবে মানুষ মেরে আমাদের গণতান্ত্রিক সরকারের দুর্নাম করবেন, তা হতে পারে না।’

গতকাল সোমবার শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশবিষয়ক পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানানোর উদ্দেশে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

কালিহাতীর ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে করা মামলার সমালোচনা করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সাত-আট শ জনকে আসামি করে মামলা হলো, এটা কী জন্য? তিনি গুলি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সেখানে কোনো ম্যাজিস্ট্রেট ছিল? পুলিশ কার নির্দেশে গুলি চালিয়েছে, সেটাও বের করার দায়িত্ব পুলিশের।

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, হয় প্রমাণ করতে হবে, ফাঁস হয়নি। নয়তো বলতে হবে, প্রশ্ন ফাঁস হয়েছে এবং পুনরায় পরীক্ষা নেব, দোষীদের শাস্তির ব্যবস্থা করব। অভিযোগ উঠল আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকজনকে গ্রেপ্তার দেখাল, এটা যদি ঠিক থাকে তবে কীভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করে? দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর বিষয়টি ভাবা উচিত।

আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।