নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের সাংসদ ও জেলা আওয়ামী লীগের মধ্যে দূরত্বের কারণে ভোট নিয়ে শঙ্কায় আছেন ভোটাররা। একই রকম শঙ্কায় আছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ও দলের বিদ্রোহী প্রার্থীরাও।
আজ শনিবার কালিয়া উপজেলার ছয়টি ও লোহাগড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হচ্ছে। এর আগের দুই ধাপের ইউপি নির্বাচনের আগে ও পরে নড়াইলের বিভিন্ন এলাকায় সহিংসতা হয়।
কালিয়ায় এই ধাপের নির্বাচনের প্রচারণা চলাকালে প্রায় প্রতিদিনই নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে হতাহতও হয়েছে। কালিয়ার এই ছয় ইউপিতে বিএনপির প্রার্থীদের উপস্থিতি অনেকটা নামমাত্র।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হকের সমর্থিত প্রার্থীরা দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে মাঠে আছেন। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক-সমর্থিত। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বাণিজ্যের অভিযোগও রয়েছে। সাংসদ ও জেলা নেতৃত্বের মধ্যে দূরত্বের কারণে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয়ের মাত্রা আরও বেশি। দেখা গেছে, বিদ্রোহী প্রার্থীদের অবস্থান শক্ত ও তাঁরা স্থানীয়ভাবে প্রভাবশালী। দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্ব ছড়িয়েছে তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে।
হামিদপুর ইউপিতে বিদ্রোহী প্রার্থী গোলাম মহম্মদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান। বড়নাল-ইলিয়াছাবাদ ইউপিতে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম। চাচুড়ী ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ লুতফর রহমান স্বতন্ত্র প্রার্থী। সালামাবাদ ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম নাজমুল হক প্রিন্সও মাঠে আছেন।
পুরুলিয়ার দলীয় প্রার্থী বাদে অন্য পাঁচটি ইউপির আওয়ামী লীগের প্রার্থীরা কিছুদিন আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সাংসদের লোক দলীয় মনোনয়ন না পাওয়ায় প্রতিটি ইউনিয়নে তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছেন। নৌকা প্রতীকে ভোট না দেওয়ার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতিও দেখানো হচ্ছে।
গতকাল শুক্রবারও কয়েকজন চেয়ারম্যান প্রার্থী প্রথম আলোর কাছে একই অভিযোগ করেন। সালামাবাদ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শামীম আহমেদ বলেন, সাংসদ কালিয়ায় থেকে বিদ্রোহী প্রার্থীদের জেতাতে কাজ করছেন। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।