কাল্পনিক মামলা করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেছেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’-এর কর্মসূচি ঘিরে গত এক সপ্তাহে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার চারটি কাল্পনিক মামলা দিয়েছে পুলিশ। এসব মামলায় অন্তত ৯০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ সাবেরুল হক বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালনে মিছিল ও সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েও পাওয়া যায়নি। নেতা-কর্মীরা ওই দিন দলীয় কার্যালয়ে আসতে থাকেন। কিন্তু পুলিশ কর্মীদের এক জায়গায় জড়ো হতে দেয়নি। ৫ জানুয়ারির আগে-পরে পুলিশ কাল্পনিক ঘটনার বর্ণনা দিয়ে কোতোয়ালি, শার্শা ও মনিরামপুর থানায় চারটি মামলা করেছে। এসব মামলায় যশোর শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির আহমেদ সিদ্দিকীকেও আসামি করা হয়েছে। এ ছাড়া অন্তত ২৫ জন নেতা-কর্মীকে আটক করে বিভিন্ন মামলায় চালান দিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাসক দলকে রক্ষা করার জন্য বল্গাহীনভাবে বিরোধী মতাবলম্বীদের নামে মামলা দিচ্ছে। কিন্তু এভাবে কোনো রাজনৈতিক দলকে স্থবির ও শাসকদের রাষ্ট্রক্ষমতায় দীর্ঘস্থায়ী করা যাবে না।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার বলেন, বিএনপির কর্মসূচি লক্ষ্য করে নয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মামলাগুলো দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহসভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আবদুস সালাম আজাদ, সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।