কাহারোলে খালিদ মাহমুদকে সংবর্ধনা দিল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগ।
কাহারোল উপজেলার দশমাইল মোড়ে গতকাল সোমবার দুপুর ১২টায় সংবর্ধনার আয়োজন করা হয়। আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি এ কে এম ফারুক এতে সভাপতিত্ব করেন। খালিদ মাহমুদ চৌধুরীকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জনশীল গোপাল। অনুষ্ঠানে কাহারোল উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নতুন কমিটির লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখা এবং আগামী নির্বাচনে দলকে বিজয়ী করা।’ তিনি দলের নেতা-কর্মীদের সেই লক্ষ্যে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশপ্রেম ও উন্নয়নে বিশ্বাসী নেতা-কর্মী চায়। নেতা-কর্মীদের সম্মানের সঙ্গে আগামী নির্বাচনের জন্য ভোটারদের সমর্থন আদায় করার আস্থা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, জেলা কৃষক লীগের সহসভাপতি বাবু গোপেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।