কিছু একটা করতে চায় বাম সংগঠনগুলো
পরিকল্পিত হত্যা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় দেশের চলমান সংকট নিরসনে কিছু একটা করতে চায় বাম দলগুলো। আদর্শিক, দলীয় ও জোটগত অবস্থান বজায় রেখে এক মঞ্চে অথবা যুগপৎ কর্মসূচি পালন করার লক্ষ্যে বাম নেতারা পারস্পরিক আলাপ-আলোচনা শুরু করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে তাঁদের বেশ কিছু প্রস্তাব ও চিন্তাভাবনা থাকলেও সুনির্দিষ্ট কোনো কর্মসূচি ঠিক করা হয়নি।
গত বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বানে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, ন্যাপ, ঐক্য ন্যাপ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
বাম দলগুলোর মধ্যে জাসদের দুই অংশ বৈঠকে ছিল না। তবে ইনু-শিরীনের নেতৃত্বাধীন জাসদকে ডাকা হলেও তাঁদের প্রতিনিধি সময়মতো পৌঁছাতে পারেননি বলে জানানো হয়েছে। এ ছাড়া বাম মোর্চার সব দলকে বলা হলেও গণসংহতি আন্দোলন ছাড়া অন্য দলের কেউ বৈঠকে যোগ দেননি।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় মহাজোটে থাকা চারটি দল—ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ ও সাম্যবাদী দলের নেতারা ওই সভায় উপস্থিত ছিলেন। জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ওই সভায় তিনি যেতে পারেননি। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আলোচনায় অংশ নেন।
রাশেদ খান মেনন বলেন, সিপিবি-বাসদ ওই সভা ডেকেছে। গুপ্তহত্যা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ—সবাই উদ্বিগ্ন। ওই আলোচনার মূল সুর ছিল মানুষকে সঙ্গে নিয়ে চলমান এই পরিস্থিতি মোকাবিলা করা। এর সঙ্গে কারও দ্বিমত নেই, থাকার কথাও নয়।
সিপিবি-বাসদের ডাকা ওই সভায় বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সভায় একটি কনভেনশন ডাকার প্রস্তাব করেন কেউ কেউ। কেউবা বিভাগীয় শহরে জনসভা করে মানুষকে সম্পৃক্ত করার কথা বলেন। জঙ্গিবাদ, পরিকল্পিত হত্যা বন্ধ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট বক্তব্য ২০ লাখ প্রচারপত্রের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রস্তাব করেন কেউ কেউ।
ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘আমরা একসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছি। আমরা মনে করেছি, এ পরিস্থিতিতে কিছু একটা করা দরকার, সেটি সমন্বিত বা যুগপৎ—যেভাবেই হোক না কেন।’
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, বিদ্যমান পরিস্থিতিতে সবাইকে সক্রিয় হওয়া এবং রাস্তায় নামা উচিত। একসঙ্গে সবাই বসে এ বিষয়ে একমত প্রকাশ করেছেন এবং এটাই ওই সভার বড় অর্জন।