কিছু নেতার কর্মকাণ্ড ও দুর্নীতিতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিভেদ দূর করতে সেখানকার নেতাদের নিয়ে ঢাকায় বৈঠক করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। ওই বৈঠকে চাঁদপুরের সাংসদ ও শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরোধের বিষয়টি নিয়ে কথা হয়েছে। এ ছাড়া আলোচনা হয়েছে, কিছু নেতার দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া নিয়ে।

বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক হয়। বৈঠকের শুরুতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বক্তব্য দেন। তিনি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বেও রয়েছেন। বৈঠকে চাঁদপুর জেলা নেতাদের বক্তব্য শোনেন কেন্দ্রীয় নেতারা। জেলার সাংসদদের পাশাপাশি সেখানকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং দলের জেলা কমিটির জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে বুধবার রাতে মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, দলের নেতাদের মধ্যে দূরত্ব কমিয়ে এনে দলকে সংগঠিত করাই এসব বৈঠকের মূল লক্ষ্য।

বৈঠক সূত্র জানায়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমি অধিগ্রহণ নিয়ে অনিয়মের প্রসঙ্গ তোলেন একাধিক নেতা। এ ছাড়া অবৈধভাবে পদ্মা ও মেঘনা নদী থেকে ইউপি চেয়ারম্যান সেলিম খানের বালু তোলার বিষয়টিও আলোচনায় আসে। এ সময় সেলিম খানের কর্মকাণ্ডের সমালোচনা করেন কয়েক নেতা। তাঁদের মধ্যে কেউ কেউ ইঙ্গিত করেন, সেলিম খানের ক্ষমতার পেছনে রয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। এ সময় নেতারা আরও বলেন, ব্যক্তির দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা প্রথম আলোকে বলেন, পদ্মা–মেঘনা থেকে অবৈধভাবে বালু তোলার কারণে চাঁদপুর শহর হুমকির মুখে, এমন বক্তব্য দিয়েছেন দলের কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড যেকোনো মূল্যে বন্ধ করা না গেলে আগামী নির্বাচনে তার প্রভাব পড়বে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। আর সাংসদ শফিকুর রহমান জেলা আওয়ামী লীগের সব নেতাকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। পাশাপাশি চাঁদপুর শহর রক্ষা করার জন্য নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করার কথা বলেন তিনি।

বৈঠক সূত্র জানায়, দীপু মনি তাঁর বক্তৃতার সময় দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের বিষয়ে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি এলাকায় দুর্বৃত্ত পালন করেন না। তাঁর একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে। সেটাকে অস্বচ্ছ দেখানোর জন্য সংগঠনবিরোধীরা তৎপর হয়েছে।

বৈঠক সূত্র আরও জানায়, মাহবুব উল আলম হানিফ এবং দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আলম মাহমুদ বলেন, সরকারের প্রশাসনিক বিষয়ের সঙ্গে সাংগঠনিক বিষয় মেলানো যাবে না। সবাইকে এক হয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাঁরা আরও বলেন, অবৈধ বালু তোলার বিষয়ে আদালতের রায় আছে। বিষয়টি দেখার জন্য ভূমিমন্ত্রীকে অনুরোধ জানানো হবে। আর বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের বিষয়টি দেখবে জেলা প্রশাসন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুরও বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে, বৃহস্পতিবার চাঁদপুর জেলার উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।