কিছু পুলিশের কারণে ফুটপাত দখলমুক্ত হচ্ছে না: সাঈদ খোকন

গুটি কয়েক পুলিশ সদস্যের কারণে রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে ‘মশক নিধন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এই অভিযোগ করেন। গতকাল থেকে শুরু হওয়া অঞ্চলভিত্তিক এ মশক নিধন কার্যক্রম চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত (শুক্রবার বন্ধ)। সাঈদ খোকন বলেন, জঙ্গি দমন, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনেক অর্জন আছে। কিন্তু গুটি কয়েক পুলিশ সদস্যের কারণে রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা যাচ্ছে না। তাঁরাই ফুটপাতে হকার বসতে সহযোগিতা করেন। এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে জানানো হবে।
মেয়র সাঈদ খোকন বলেন, সকালে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালালে বিকেলেই আবার দখল হয়ে যায়। বারবার উচ্ছেদ করার পরও কোনো কাজ হচ্ছে না। মানুষকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি পুলিশকে ফুটপাত দখলমুক্ত রাখা নিশ্চিত করতে হবে।
ডিএসসিসির মেয়র বলেন, বসন্তের শুরুতে শহরে মশার উপদ্রব বেড়ে গেছে। তাই ডিএসসিসির প্রতিটি এলাকার অলিগলিতে মশক নিধনে কাজ করবেন কর্মীরা। যদি কোনো কর্মী অনুপস্থিত থাকেন, তাহলে সরাসরি মেয়রের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ডিএসসিসির সব কর্মীকে জবাবদিহির মধ্যে রাখতে নাগরিকদের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।