কিছু মন্ত্রী-এমপি রাজনৈতিক 'বেয়াদবি' করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কিছু মন্ত্রী-সাংসদ যুক্তি ছাড়াই সম্মানিত ব্যক্তিদের অসম্মান করেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু “রাজনৈতিক বেয়াদব” রয়েছেন, তাঁরা কিছু বড় বড় পদের মন্ত্রী-এমপি।’
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিজয় দিবসের আলোচনায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, রাজনীতিতে কথা বলার, সমালোচনা করার অধিকার সবার আছে। তবে তাতে যুক্তি থাকতে হবে। যখন যুক্তি থাকে না, তখনই তারা গালাগাল করে। এমনটাই করছে সরকার। যুক্তি ছাড়াই তারেক রহমানকে গালাগাল করা হচ্ছে, এমনকি বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীদেরও রাজাকার বলছে।
‘জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেওয়া দরকার’ খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের এমন বক্তব্য উদ্ধৃত করে এর সমালোচনা করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের খেতাব দিয়েছেন স্বাধীনতা আন্দোলনের মূল ব্যক্তি, তাঁদেরই নেতা। আর তিনি বলছেন খেতাব কেড়ে নেওয়া দরকার। কত বড় “বেয়াদব” হলে এত বড় “বেয়াদবি” করতে পারেন। তিনি (কামরুল) তো মুক্তিযুদ্ধের ধারেকাছেই ছিলেন না। আর “বীর অধম” হওয়ার যোগ্যতাও তাঁর নেই।’
‘একমুহূর্তের জন্যও রাজপথে নামতে দেব না’—স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এ বক্তব্যের উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আপনি তো বলেন, আপনারা গণতান্ত্রিক সরকার। কিন্তু আপনার বক্তব্যে তো বাকশালের দুর্গন্ধ বের হচ্ছে।’