
চক্ষু হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কিছু রাজনীতিবিদ চোখ থাকতেও দেখেন না। এঁরা দুর্নীতিবাজ, রাজাকার, সন্ত্রাসীদের প্রশ্রয় দেন। এঁরা চোখে ছানি পড়া রাজনীতিবিদ।
গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ আই হসপিটালের উত্তরা শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের গায়ে যারা হাত দেয়, হাসপাতাল ভাঙচুর করে তারা অসভ্য, তাদের কারাগারে রাখা উচিত। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা তথ্য অধিকার আইনের কথা বলে রোগীর ব্যক্তিগত তথ্য নিতে পারেন না, ক্যামেরা নিয়ে অপারেশন থিয়েটারে, আইসিইউতে ঢুকতে পারেন না।’
আয়োজকেরা জানান, এটি একটি পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল। এখানে চোখের সাধারণ চিকিৎসার বাইরে ১২টি বিশেষায়িত চিকিৎসাসেবার আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক আছেন।
বাংলাদেশ আই হসপিটালের ব্যবস্থাপনা চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আবদুর রহমান, চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি সাহাবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।