কিবরিয়া হত্যায় বিএনপি নেতাদের নাম উদ্দেশ্যমূলক: মবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো
সিলেট নগরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রে বিএনপির নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, বিএনপিকে দুর্বল করার জন্য।
আজ শুক্রবার সিলেট নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে শমসের মবিন এ কথা বলেন।
কিবরিয়া হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার তৃতীয় দফায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া গউছসহ নয়জনকে নতুন করে আসামি করা হয়েছে।
অভিযোগপত্র দাখিলের পর প্রতিক্রিয়া জানাতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শমসের মবিন বলেন, অভিযোগপত্র থেকে বিএনপি নেতাদের নাম প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামবে বিএনপি। আগামী রোববার সিলেটের কোর্ট পয়েন্টে জেলা ও নগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

শমসের মবিন বলেন, ‘আমরা যত দূর জানি, কিবরিয়া পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে ড. রেজা কিবরিয়া এই অভিযোগপত্র প্রত্যাখ্যান করেছেন। তদন্ত-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। কিবরিয়া পরিবারের প্রতি সংহতি রেখে বিএনপিও অভিযোগপত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক এম নুরুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্যসচিব বদরুজ্জামান সেলিম, নগর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এম এ হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল গফফার প্রমুখ উপস্থিত ছিলেন।