কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতিসহ ৪১ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুটি মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাতসহ দলটির ৪১ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আবদুস ছালাম খান জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পরিদর্শক মো. হুমায়ূন কবির আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১২ ডিসেম্বর কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) এহসানুল হক ও আবুল হাশেম বাদী হয়ে ১০০ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন। গতকাল এ মামলায় বিএনপির ৪১ জন নেতা-কর্মী হাজিরা দেন।
এদিকে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম আদালতে উপস্থিত হলে বিএনপিপন্থী একদল আইনজীবী তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। জেলা বিএনপির সম্প্রতি ঘোষিত কমিটিতে পদ না পাওয়ার জন্য তাঁরা শরীফুল আলমকে দায়ী করেন। এ সময় আদালত প্রাঙ্গণে শরীফুল আলমের সমর্থকদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।