কিশোরগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পৌর ছাত্রলীগের এক কর্মীকে মারধরের জের ধরে আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাইলট বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের এ সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ২০ থেকে ২১টি ফাঁকা গুলি ছোড়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হোসেনপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে মোবারিস এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুস সালামের মধ্যে দীর্ঘদিন যাবৎ উপজেলা সদরে আধিপত্য বিস্তারসহ নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে আগেও সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আর এই দুই নেতার সংঘর্ষের সমর্থন দিয়ে ছাত্রলীগের কর্মী-সমর্থক নিয়ে মাঠের সংঘর্ষের নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ।

হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই পৌর ছাত্রলীগের সভাপতি মুখলেছুর রহমান। অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুস সালামের ভাতিজা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, হোসেনপুর আওয়ামী লীগের বিবদমান মোস্তাফিজ ও সালাম গ্রুপের মধ্যে কোনো রকম বিবাদ শুরু হলেই পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়।

জানা যায়, আজ বেলা দেড়টার দিকে হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলিফ ও কাইয়ুম নামে এক ছাত্রলীগ কর্মীর মধ্যে কথা-কাটাকাটি নিয়ে মারামারি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। কাইয়ুম পৌর ছাত্রলীগের সভাপতি গ্রুপের আর আলীফ সাধারণ সম্পাদক গ্রুপের। এর জের ধরে বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতাল চৌরাস্তা ও পাইলট বালিকা উচ্চবিদ্যালয়সহ আশপাশ এলাকায় দুই পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুখে কালো কাপড় বেঁধে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

বিবদমান আওয়ামী লীগের দুই নেতার মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি। তবে পৌর ছাত্রলীগের সভাপতি মোখলেছুর রহমান বলেন, মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ছাত্রলীগের এক নেতার সঙ্গে কিছু ছেলের ঝগড়া হয়। পরে এটা সংঘর্ষে রূপ নেয়। এতে ছাত্রলীগ জড়িত নয়।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান বলেন, ‘আমি সংঘর্ষের ঘটনা শুনেছি, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দু-এক দিনের মধ্যে এটা স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যাবে বলে আশা করছি।’

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুস সালামের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০-২১টি ফাঁকা গুলি করে। এ সময় দুই পক্ষের মধ্যে পড়ে ইটপাটকেলের আঘাতে থানার এসআই এ কে এম মঞ্জুরুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দুই পক্ষের আরও ১৫-১৬ জন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।