কীভাবে টাকা চুরি, গভর্নরকে জানাল বিএনপি
রিজার্ভের টাকা কীভাবে চুরি হলো তা নিয়ে নিজেদের করা একটি গবেষণা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দিয়েছে বিএনপি। দলটি দাবি করেছে, তাদের করা এই প্রতিবেদন রিজার্ভের টাকা চুরির তদন্তে সহায়ক হবে।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করে প্রতিবেদনটি জমা দিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিবেদনের সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা একটি চিঠিও দেওয়া হয়েছে। এটি পৌঁছে দেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম। এ সময় দলটির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ তাঁর সঙ্গে ছিলেন।
প্রতিবেদন জমা দেওয়ার পর আবদুস সালাম সাংবাদিকদের বলেছেন, কীভাবে রিজার্ভের টাকা চুরি হলো এ নিয়ে বিএনপির চেয়ারপারসন একটি গবেষণা প্রতিবেদন তৈরি করে বাংলাদেশে ব্যাংকে দিতে বলেছিলেন। সে অনুসারে একটি প্রতিবেদন বিএনপির পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে। এ সময় বিএনপি প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দাবি করেছে। তিনি বলেন, গভর্নর বিএনপিকে ধন্যবাদ দিয়ে বলেছেন, এই গবেষণা প্রতিবেদনের মাধ্যমে তাঁরা উপকৃত হবেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা প্রকাশের এক মাস পর দলটি একটি প্রতিবেদন জমা দিল।
গভর্নর বরাবর লেখা চিঠিতে মির্জা ফখরুল বলেন, ঘটনার পর বিএনপি একটি বিশ্লেষণামূলক প্রতিবেদন তৈরি করেছে। এটি তদন্তে সহায়ক বলে বলে ফখরুল আশা প্রকাশ করেন। তিনি প্রতিবেদন নিয়ে তৈরি করা একটি প্রেজেন্টেশনের সফট কপি ও প্রতিবেদনের একটি কপি গভর্নরকে দেন। এতে বলা হয়েছে, ‘এ লুণ্ঠন বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কাহারও কাজ যাদের পাসওয়ার্ড, বাস্তব চাবি, সার্টিফিকেট সহকারে ডংগল এবং বায়োমেট্রিকস শনাক্তকরণ এর মাধ্যমে সুইফট সিস্টেমে প্রবেশের অনুমোদন/প্রাধিকার রয়েছে। সব প্রমাণ, সুইফট নেট আর্কিটেকচার বিশ্লেষণ এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এটা স্পষ্ট যে, এই লুণ্ঠন কোনো হ্যাকিং কিংবা ম্যালওয়্যার এর কারণে ঘটেনি।’