কীভাবে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিলেন প্রশ্ন রফিকুলের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের কোনো রাজনৈতিক প্রস্তুতি ছিল না। আর সাতই মার্চের ভাষণে শেখ মুজিব জয় পাকিস্তান বলেছেন। তিনি প্রশ্ন করেন, ‘তাহলে কীভাবে শেখ মুজিব স্বধীনতার ঘোষণা দিলেন।’
মুক্তিযুদ্ধের সময়কার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকারের লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বই থেকে কিছু অংশ উদ্ধৃত করে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় রফিকুল ইসলাম এ প্রশ্ন উত্থাপন করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির এই নেতা বলেন, এসব কথা বলায় তারেক রহমানকে সমালোচনা করা হচ্ছে। আওয়ামী লীগের উচিত সত্য স্বীকার করে ক্ষমা চাওয়া। আর এটা নিয়ে কথা বলায় তাদের উচিত তারেক রহমানকে অভিনন্দন জানানো।
রফিকুল ইসলাম বলেন, বিগত সময়ে আন্দোলনে তাঁদের ত্রুটি ছিল। আন্দোলন হয়নি, এটা বলা যাবে না। তিনি অভিযোগ করেন, এখন সন্ত্রাসের মাধ্যমে দেশ চলছে। তবে মামলা-হামলা করে বিএনপির রাজনীতি শেষ করা যাবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, মানুষ যখন যুদ্ধের জন্য অস্ত্র হাতে তুলে নিল, লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তখন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। এ ঘোষণা দিতে তাদের কোনো প্রস্তুতিও ছিল না। এ কে খন্দকার তাঁর বইয়ে সেটা স্পষ্ট করে বলেছেন। আওয়ামী লীগ ওই সময় দুর্ভাগ্যজনকভাবে তাদের দায়িত্ব পালন করেনি।
ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক পিয়াস করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদ, পিএসসির সাবেক চেয়ারম্যান জিন্নাতুন্নেসা তাহমিদা খাতুন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ড্যাবের নেতা আবদুস সালাম, এস এম রফিকুল ইসলাম প্রমুখ।