কুটনীতিকদের সঙ্গে ইফতার করলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা
বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া।

ইফতারে খালেদা জিয়ার টেবিলে তাঁর এক পাশে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও অন্য পাশে ছিলেন কূটনীতিক কোরের ডিন ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ। এ ছাড়াও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রাবার্ট গিবসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, সৌদি আরবের চার্জ দ্যা অ্যাফেয়ার্স খালিদ সুলতান আলোতাইবিসহ আরও কয়েকটি দেশের কূটনীতিক ওই টেবিলে ছিলেন।
ইফতারে রাশিয়া, চীন, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, কোরিয়া, পাকিস্তান, নেপাল, কাতারসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক-প্রতিনিধিরা খালেদা জিয়ার ইফতারে অংশ নেন। খালেদা জিয়া ইফতারের আগে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারে বিশিষ্ট জনদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমদ, সাবেক বিচারপতি আব্দুর রউফ, আইনজীবী শাহদীন মালিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারি রহমান, আব্দুল মঈন খান, মাহবুবুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, রিয়াজ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।