কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের ভরাডুবি
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। গত বৃহস্পতিবার সমিতির জেলা কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সমিতির ১৯টি পদের মধ্যে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৩টিতে বিজয়ী হয়েছে। সভাপতিসহ ছয়টিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল।
আওয়ামী লীগ-সমর্থিত লিংকন-আমজাদ পরিষদ থেকে এস এম আব্রাহাম লিংকন সভাপতি, আব্দুর রাজ্জাক সহসভাপতি এবং সদস্য পদে আহসানুন নাসির চৌধুরী হেলাল, টি এম আরিফুজ্জামান কল্লোল, জাকিয়া সুলতানা সুইটি ও তৌফিক আল সাহাব কিসলু বিজয়ী হন।
বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রোজাউল করিম দুলাল, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন, গ্রন্থাগার সম্পাদক মোখলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক আবদুল মজিদ সরকার এবং সদস্য পদে আনোয়ারুল ইসলাম, আশরাফ আলী, তারিকুর রহমান, মিজানুর রহমান, আবদুল হাই মণ্ডল নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার হযরত আলী জানান, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেলের ৩৮ জন প্রার্থী ১৯টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৯ জন ভোট দেন। রাত নয়টায় ফলাফল ঘোষণা করা হয়।