কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র থেকে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। খন্দকার মো. ওয়াহিদ্দুন্নবীকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের একটি অংশ। সংগঠনের অপর অংশের নেতা-কর্মীরা কেন্দ্রঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন।
সংগঠনের কয়েকজন নেতা-কর্মী জানান, ৯ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। গতকাল সোমবার কেন্দ্র থেকে নতুন জেলা কমিটি গঠনের ফ্যাক্সবার্তা পান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে কলেজ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি মিনহাজুল ইসলাম, সভাপতি পদপ্রার্থী এস এম নাজমুল ইসলাম, খন্দকার মো. ওয়াহিদ্দুন্নবী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
অপরদিকে বেলা দুইটার দিকে নতুন কমিটি প্রত্যাখ্যান করে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের আরেক অংশের নেতারা। তাঁরা অভিযোগ করেন, কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের পরীক্ষিত কোনো নেতা নন। এমনকি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। সংবাদ সম্মেলনে নতুন কমিটি বাতিলের দাবিতে বুধবার অর্ধদিবস হরতালসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের স্কুল ও কলেজবিষয়ক সম্পাদক রায়হান কবীর। এ সময় অন্যদের মধ্যে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সহসম্পাদক আবু জামিল সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত শনিবার কুড়িগ্রাম টাউন হলে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আটজন। ১২টি ইউনিটে কাউন্সিলর ছিলেন ৪০১ জন। দ্বিতীয় অধিবেশনে প্রার্থী নির্বাচন ও প্রত্যক্ষ ভোটাভুটিতে বিরোধ দেখা দেওয়ায় কেন্দ্রীয় নেতারা সম্মেলনের কার্যক্রম স্থগিত করে ঢাকা চলে যান।