কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্মেলন আজ, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ চার বছর পর কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্মেলন আজ শনিবার সকাল ১০টায় টাউন হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে শহরে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ ও শক্তি প্রদর্শনের ঘটনা ঘটছে। এতে শহরে উত্তেজনা বিরাজ করছে। তবে সম্মেলনে ভোট হবে, না সিলেকশন হবে—তা নিয়ে অনেকে সংশয়ে আছেন।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। এ ছাড়া বিলবোর্ড, ফেস্টুন ও রংবেরঙের পোস্টারে শহর ছেয়ে গেছে।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১০ সালের পর জেলা ছাত্রলীগের আর কমিটি হয়নি। সম্মেলনে নয় উপজেলার ২২৫ জন, সরকারি কলেজের ২৫ জন, পলিটেকনিক্যাল কলেজের ২৫, কুড়িগ্রাম পৌর কমিটির ২৫ এবং জেলা ছাত্রলীগের ১০১ জন কাউন্সিলর ভোট দেবেন।
সম্মেলনের উদ্বোধন করবেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলী এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসানের থাকার কথা রয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
সভাপতির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমিনুর রহমান, নাজমুল ইসলাম, শাহরিয়ার কবির ও আবু জামিল সিদ্দিক এবং সাধারণ সম্পদক প্রার্থী হিসেবে খন্দকার মো. ওহাদুনব্বী, রিপন আহাম্মেদ, রাকিব আহাম্মেদ ও রায়হান কবির। এদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্য সহযোগী সংগঠনের নেতারা নিজেদের প্রার্থী বিজয়ী করতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। নিজেদের প্রভাব জানান দিতে কয়েক দিন ধরে যুবলীগ ও ছাত্রলীগ শহরে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শন করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জানান, কাউন্সিলে নেতা-কর্মীরা তিনটি দলে বিভক্ত হয়ে পড়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ অধিকাংশ নেতা-কর্মী সমর্থিত সভাপতি পদে নাজমুল ও সাধারণ সম্পাদক পদে খন্দকার মো. ওহাদুনব্বী, জেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহাম্মেদের সমর্থিত সাধারণ সম্পাদক পদে রিপন এবং সভাপতি প্রার্থী মমিনুর নিজেই এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর পক্ষের সাধারণ সম্পাদক প্রার্থী রাকিব।
পৌর কমিটির সাধারণ সম্পাদক নাজু আহাম্মেদ জানান, কাউন্সিলররা ভাবছেন আজ কী হয়। ভোট হবে, না সিলেকশন। তবে ভোট হলে ভালো হয়। সিলেকশন হলে যে পরাজিত হবেন, তাঁর ক্ষোভ থাকবে।
সভাপতি প্রার্থী শাহরিয়ার কবির জানান, সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের নেতারা দু-তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তাঁরা নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন, যা লজ্জাকর।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল বলেন, ‘অনেক দিন পর সম্মেলন হচ্ছে। কিছুটা উত্তেজনা থাকবে। তবে আশা করি, সুষ্ঠুভাবে কাউন্সিল শেষ হবে।’