কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি গঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের এম এ সাত্তার উচ্চবিদ্যালয়ের মাঠে সম্মেলন শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সবার মতামতের ভিত্তিতে তাসভীর-উল-ইসলামকে সভাপতি, আবু বকর সিদ্দিককে জ্যেষ্ঠ সহসভাপতি, সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক, সোহেল হোসনাইনকে যুগ্ম সম্পাদক ও নুর ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় নেতারা এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে জেলা বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।

জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল-ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার মেয়র নুর ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘সম্প্রতি দুজন বিদেশি ও একজন প্রকাশককে হত্যার বিষয়ে বলতে চাই, আমরা প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচার চাই।’ তিনি আরও বলেন,  দেশে কিছু ঘটলেই সরকার এবং যাঁরা সরকারের সমর্থন নিয়ে এমপি-মন্ত্রী হয়েছেন, তাঁরা কোনো তদন্ত ছাড়াই ঢালাওভাবে বিএনপির কাঁধে দোষ চাপান। 

২০০৯ সালের ২৭ আগস্টে সর্বোশেষ কুড়িগ্রাম জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়।