কুড়িগ্রামে বিএনপি-জাপার পাঁচ শ নেতা-কর্মী আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) অন্তত পাঁচ শ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। আওয়ামী লীগের কুড়িগ্রাম পৌর শাখার উদ্যোগে শহীদ মিনারে গতকাল শুক্রবার সকাল ১০টায় এই যোগদান অনুষ্ঠান হয়। যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে বর্তমানের দুজন এবং সাবেক একজন পৌর কাউন্সিলর আছেন।
গতকাল সকালে নয়টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহরের বিভিন্ন সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। মিছিলের সামনে ছিল যোগদানের ব্যানার। এ সময় রজনীগন্ধা ফুল দিয়ে তাঁদের বরণ করা হয়।
যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান, সদস্য আবদুল মোত্তালেব, কুড়িগ্রাম পৌর জাপার সদস্যসচিব ও কুড়িগ্রাম পৌর কাউন্সিলর আনিসুর রহমান, পৌর কাউন্সিলর জমসেদ আলী, সাবেক কাউন্সিলর আবদুল মালেক, জেলা জাপা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল। তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এই যোগদানের ফলে পৌর নির্বাচনে আমাদের অবস্থান সংহত হবে।’ নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, পৌর নির্বাচন সামনে রেখে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করেন। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে কাজিউল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
৮ নভেম্বর নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন।
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির সাংসদ তাজুল ইসলাম চৌধুরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টির নাম করে যাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাঁরা অনেক আগেই দল ছেড়েছেন। জাতীয় পার্টির সঙ্গে এঁদের কোনো সম্পর্ক নেই।
আর জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিকী বলেন, ‘বিএনপির কোনো উল্লেখযোগ্য নেতা-কর্মী গতকাল যোগ দেয়নি। যারা যোগ দিয়েছে তারা চুনোপুঁটি। এরা চলে যাওয়ায় পৌর নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’