কুমিল্লা ও সুনামগঞ্জে ১৮ জনের মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও সুনামগঞ্জ অফিস

কুমিল্লার তিনটি উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে গতকাল বৃহস্পতিবার ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলায় দুই ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আদর্শ সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, বিএনপি সমর্থিত আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত নেতা এ কে এম এমদাদুল হক ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সহসভাপতি ওবায়দুল কবীর।

চৌদ্দগ্রাম উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত এ বি এম বাহার এবং সদর দক্ষিণ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ দুই উপজেলায় আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তাঁরা এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। গতকাল দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলমের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম বলেন, আজ শুক্রবার প্রার্থিতা বাছাই হবে। ১৭ ফেব্রুয়ারি প্রত্যাহার এবং ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে দলের মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব, বিএনপির প্রার্থী হিসেবে যুবদল নেতা সোহেল আহমদ খান। এ ছাড়া এই পদে উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, খেলাফত মজলিসের সৈয়দ জয়নুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের সৈয়দ ছলিম আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফয়জুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, বিএনপির প্রার্থী হিসেবে জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ফারজানা আক্তার। এ ছাড়া এই পদে সুফিয়া খানম সাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন।