কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা
কোনো ধরনের সম্মেলন ছাড়াই কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ওই কমিটির অনুমোদন দেন।
এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলে পাঁচজনের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহসভাপতি ফেরদৌস পাটোয়ারী, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মদ জুয়েল।
অন্যদিকে কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উত্বাতুল বারী আবু, সহসভাপতি মঞ্জুরুল আলম রুবেল, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মজুমদার ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১০ অক্টোবর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলন কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হয়। ওই সময়ে এক পক্ষ মুখে কালো কাপড় বেঁধে প্রকাশ্যে অস্ত্র তাক করে গোলাগুলি করে। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। পরে কেন্দ্রীয় নেতারা ঢাকায় গিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। ওই কমিটি গত সাত বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার পুনরায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি গঠন করা হলো।
এদিকে ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর গতকালই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।
জানতে চাইলে নবঘোষিত মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা বলেন, কমিটি মোটামুটি ভালো হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি সবার সঙ্গে আলোচনা করে গঠন করা হবে। বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।