কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলে ফের বিভক্তি
কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটি গঠন নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলে আবারও বিভক্তি দেখা দিয়েছে। দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লাকে (টিপু) মহানগর কমিটির আহ্বায়ক পদে ঠেকাতে এককাট্টা হয়েছেন জেলা কমিটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।
দলের তৃণমূল পর্যায়ের কয়েকজন সংগঠকের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০১০ সালের ২৭ জুলাই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নয় সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। কমিটিকে ওই বছরের ১১ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতে বলা হয়। কিন্তু প্রায় ছয় বছরে কেবল সহসভাপতি পদে ঢাকায় অবস্থানরত দিদারুল আলমের নাম কমিটিতে যুক্ত করা হয়। এর মধ্যে ১০ সদস্যের কমিটির সহসভাপতি আমিরুল পাশা সিদ্দিকী যুক্তরাষ্ট্রে, যুগ্ম সম্পাদক কাজী বিল্লাল হোসেন কানাডায় চলে যান এবং দিদারুল আলম ঢাকায় আইন ও সাংবাদিকতা পেশায় যুক্ত হন। আর কুমিল্লায় সাতজন ‘অছাত্র’ দিয়ে চলছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একটি অংশের নেতা-কর্মীরা দাবি করেন, ২০১০ সালে কমিটি ঘোষণার পর ছাত্রদলে দুটি পক্ষ তৈরি হয়। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা কমিটির সভাপতি উত্বাতুল বারী ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার। তাঁদের সমর্থন দেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন। আরেক পক্ষে রয়েছেন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। তাঁদের সমর্থন দেন কুমিল্লা সিটির মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক (সাক্কু)। ২০১৪ সালের ১১ নভেম্বর আমিন উর ও মনিরুলের মধ্যে দ্বন্দ্ব নিরসন হলে ছাত্রদলের বিভক্তিও নিরসন হয়। ২০১৪ সালের ২৯ নভেম্বর দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার কুমিল্লায় আগমনের পর উভয় পক্ষ একসঙ্গে কর্মসূচি পালন করে।
গত এপ্রিল মাসে কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এতে ইউসুফ মোল্লার নাম আহ্বায়ক হিসেবে কেন্দ্রে আলোচনা হয়। কিন্তু তাঁকে ঠেকানোর জন্য মাঠে নামেন দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
ইউসুফ মোল্লা বলেন, ‘আমার আহ্বায়ক হওয়ায় বাধা দেওয়ায় এ বিরোধ দেখা দিয়েছে। যাঁদের ওরা কমিটিতে আনতে চায় তাঁদের কারও ছাত্রত্ব নেই, তাঁরা বিদেশে থাকেন। এমনকি আন্দোলনেও নেই।’
নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘চৌকস মেধাবী ছাত্রদের দিয়ে মহানগর ছাত্রদলের প্রথম কমিটি গঠন করা হবে। কেউ আলাদা কর্মসূচি করলে আমাদের বলার কিছু নেই। ইউসুফের অভিযোগ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উত্বাতুল বারীর মুঠোফোনে গতকাল মঙ্গলবার বিকেলে একাধিকবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।