কুমিল্লা দক্ষিণ জেলা জাপার সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দফা তারিখ ঘোষণার পর অবশেষে আজ রোববার কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় কুমিল্লা টাউন হলে ওই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।

নাম প্রকাশ না করার শর্তে দলের অন্তত পাঁচজন নেতা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টিতে দুটি ধারা রয়েছে। একটি ধারার নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুল ইসলাম। অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন বিতর্কিত আইডিয়াল কো-অপারেটিভ বহুমুখী সমবায় সমিতির (আইসিএল) প্রতিষ্ঠাতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এইচ এন এম শফিকুর রহমান। ওই কারণে গত মার্চ মাস থেকে কয়েক দফা সম্মেলনের তারিখ ঘোষণা করেও সম্মেলন হয়নি। তার ওপর ঢাকায় জাপার বনানী কার্যালয়ে শফিকের অনুসারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন কেন্দ্রীয় কয়েকজন নেতা। ওই কারণে ২৩ মে শফিককে দলের প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদ থেকে  বহিষ্কার করা হয়। এর দুই দিন পরেই  বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রেখে আবারও দলে নেওয়া হয়। গত ৩১ আগস্ট দুপুরে জাতীয় সংসদ ভবনে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিতিতে দুই নেতাকে মিলিয়ে দেওয়া হয়।

জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, ‘আমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই। ঐকমত্যের ভিত্তিতে জাতীয় পার্টিকে পুনর্গঠন করা হবে। শফিক সাহেবের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। জাতীয় পার্টি এক ও অভিন্ন। পার্টির চেয়ারম্যান আসবেন।’

শফিকুর রহমানের মুঠোফোনে গত শুক্রবার বিকেলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাঁর অনুসারী কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্যসচিব দাবি করে ওবায়দুল কবির বলেন, ‘এখন আমাদের সঙ্গে আর কোনো বিরোধ নেই।’