কুমিল্লাকে বিশ্বমানের শহরে পরিণত করতে চান তিনি

কুমিল্লাকে বিশ্বমানের শহরে পরিণত করতে চান কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু। গতকাল শুক্রবার ২৭ দফা নির্বাচনী ইশতেহারে তিনি ওই আশাবাদ ব্যক্ত করেন। বেলা সাড়ে তিনটায় নগরের বাদুরতলা এলাকায় অবস্থিত ধর্মসাগরপাড়ের নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি ওই ইশতেহার ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীসহ বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা।
২৭ দফা নির্বাচনী ইশতেহারে মনিরুল হক উল্লেখ করেন, জলাবদ্ধতা দূরীকরণ, যানজট নিরসন, নতুন করে করের বোঝা না চাপানো, শিক্ষাক্ষেত্রে নওয়াব ফয়জুন্নেছার নামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, কুমিল্লায় প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, লালমাই পাহাড়ের আদিবাসী ত্রিপুরা জনগোষ্ঠীর জন্য মাতৃভাষা কেন্দ্র স্থাপন, উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মনের নামে সংগীত কলেজ ও নগরের দক্ষিণ এলাকায় মেয়েদের জন্য দুটি ও ছেলেদের জন্য বিদ্যালয় স্থাপন, নগর সংস্কৃতিচর্চা কেন্দ্র, ২৭টি ওয়ার্ডে কীর্তিমান ব্যক্তিদের নামে পাঠাগার স্থাপন ও পর্যটনকেন্দ্র স্থাপন, মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, কর্মজীবী নারীদের জন্য ইপিজেড এলাকায় হোস্টেল নির্মাণ ও শৌচাগার নির্মাণ, নকশা প্রদানে দ্রুত সিদ্ধান্ত, বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিছন্নতা, কাঁচা রাস্তা পাকাকরণ, নালা নির্মাণ, নগরের দক্ষিণ এলাকায় স্টেডিয়াম নির্মাণ, রাতের আলোকসজ্জা বাড়ানো, সড়ক ও স্থাপনার নাম মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ, নিউমার্কেটে আইটি সেন্টার স্থাপন, হকার পুনর্বাসন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন নিশ্চিত করা, বস্তিবাসীর উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, কাঁচাবাজারের সংস্কার, সব ধর্মের প্রতিষ্ঠান নির্মাণ, মুক্তিযোদ্ধাদের হোল্ডিং কর ও পানির বিল মওকুফ, প্রবীণ নাগরিক ও নারীদের নগর ভবনে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান, সন্ত্রাসমুক্ত কুমিল্লা গঠন, মাদকমুক্ত কুমিল্লা ও কুমিল্লা বিভাগের নাম কুমিল্লা রাখা।
সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লা মহানগর কমিটির সভাপতি শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থীদের ইশতেহার প্রায় কাছাকাছি। যেহেতু নগরের সমস্যাগুলোর ধরন প্রায় একই রকম, ওই কারণে হয়তো অনেকটি মিলে গেছে। তবে আশার কথা হলো, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উভয় মেয়র যে আশার বাণী দিয়েছেন, তা যেন নির্বাচনে জেতার পর বাস্তবায়ন হয়।’
এর আগে ২১ মার্চ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ২৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ৩০ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।