কুমিল্লায় অবরোধ ঠেকাতে মাঠে সাংসদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ঠেকাতে মাঠে নেমেছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে তিনি নেতা-কর্মীদের নিয়ে আদর্শ সদর উপজেলার আলেখারচর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘যুদ্ধ জয়’-এর সামনে অবস্থান নেন।
সাংসদ ও তাঁর অনুসারী প্রায় সহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতির কারণে ওই এলাকায় কোনো যানবাহন ভাঙচুর হয়নি। এর আগে গত মঙ্গলবার ২০-দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিনে ওই এলাকায় পাঁচটি কাভার্ড ভ্যান ও ট্রাক ভাঙচুর করা হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ আল মাহমুদ জানান, গত মঙ্গলবার মহাসড়কে ওই এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যানবাহন ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।
এর পরিপ্রেক্ষিতে সাংসদ আ ক ম বাহাউদ্দিন তাঁর অনুসারীদের নিয়ে সকাল ১০টায় আলেখারচরে অবস্থান নেন।
ওই সময়ে তিনি মহাসড়ক দিয়ে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের নির্ভয়ে যান চালানোর অনুরোধ করেন। পরে সাংসদের নেতৃত্বে মহাসড়কের দুই পাশে অবরোধের প্রতিবাদে ওই নেতা-কর্মীরা মানববন্ধন করেন।
এ সময় সাংসদের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য ও আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ, জেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হক রিফাত, উপজেলার ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামসহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
সাংসদ বাহাউদ্দিন বলেন, ‘আজ (গতকাল বুধবার) গণতন্ত্র রক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তার জন্য ওই এলাকায় অবস্থান নিয়েছি। যত দিন অবরোধ থাকবে, তত দিন প্রতিরোধও থাকবে। আমার নির্বাচনী এলাকার যেখানে নাশকতা হবে সেখানে প্রতিরোধ হবে।’