কুমিল্লায় কাল সকাল-সন্ধ্যা হরতাল
কুমিল্লায় আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, পুলিশ ও সাংবাদিকদের পিটিয়ে জখম করার প্রতিবাদে এ হরতাল বলে প্রথম আলোকে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
মোস্তাক মিয়ার ভাষ্য, বিএনপির শান্তিপূর্ণ হরতালে আওয়ামী ও ছাত্রলীগের কর্মীরা বাধা দেন। তাঁরা পুলিশ, সাংবাদিক ও দলীয় কর্মীকে মারধর করেন। উল্টো আমাদের নামে মামলা দেন। এ ঘটনায় হরতাল ডাকা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় হরতাল চলাকালে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল কামরুল ইসলাম, সময় টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লার স্থানীয় দৈনিক রূপসী বাংলার প্রধান আলোকচিত্রী বাহার রায়হান এবং বিএনপি ও সহযোগী সংগঠনের তিন নেতার ওপর হামলা চালানো হয়।