কুমিল্লায় বিএনপিপন্থী আইনজীবী গ্রেপ্তার
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব কামরুল হায়াত খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত দুইটার দিকে নগরের অশোকতলার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান প্রথম আলোকে জানান, সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরের রামঘাট এলাকায় সিএনজিচালিত দুটি অটোরিকশায় অগ্নিসংযোগ, আটটি অটোরিকশা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে কামরুলকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। সোমবারের ওই ঘটনায় করা মামলায় জামায়াতের ১৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।
তবে বিএনপি-সমর্থিত আইনজীবীদের অভিযোগ, জেলা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে তাঁকে প্রতিহিংসাবশত গ্রেপ্তার করা হয়। কাল বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা শাখা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে।