কুমিল্লায় সর্বাত্মক হরতাল
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনার ডাকে কুমিল্লায় সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে।
সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সারা দেশে এই হরতাল ডাকা হয়েছে।
সকাল থেকেই কুমিল্লা নগরের কান্দিরপাড়, লাকসাম সড়ক, বাদুরতলা, ঝাউতলা, ফয়জুন্নেসা স্কুলের মোড়, নজরুল এভিনিউ, রামঘাট, লির্বাটি মোড় ও পূবালী চত্বরে হরতাল-সমর্থক পিকেটাররা অবস্থান নেয়। এ সময় তারা রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেয়।
ইসলামী ছাত্রসেনার সদস্যরা হরতালে শিশুদের ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।
কয়েকজন যাত্রীর ভাষ্য, ঝাউতলা ও বাদুরতলা মোড়ে বিভিন্ন বাহন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার কাজ করছে একদল শিশু। তাদের বয়স আনুমানিক সাত থেকে ১৫ বছর। এ সময় পুলিশকে নীরব দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
কুমিল্লা জেলা আহলে সুন্নাতে আল জামায়াতের জ্যেষ্ঠ সহসভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, শিশুরা শান্তিপূর্ণ পিকেটিং করছে। তারা কারও সঙ্গে খারাপ আচরণ করছে না।
হরতালের কারণে নগরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়নি। দোকানপাট বন্ধ রয়েছে।
নগরের অন্তত ১৫ জন নাগরিকের ভাষ্য, বেশ কঠোরভাবেই হরতাল পালিত হচ্ছে।