কুমিল্লায়ও হুকুমের আসামি খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় গাড়ি পোড়ানোর একটি মামলা হয়েছে। গতকাল রোববার রাতে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াকে ৩২ নম্বর আসামি করা হয়। খালেদা জিয়া ওই মামলার হুকুমের আসামি।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়েছে। গত শনিবার দুপুরে যাত্রাবাড়ী থানায় এ মামলা হয়। ওই পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ২৮ জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
এ ব্যাপারে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান আজ সোমবার রাতে প্রথম আলোকে বলেন, গতকাল রোববার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার হায়দার পুল এলাকায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। ওই ঘটনায় দুপুরে ওমর ফারুক মিয়াজী নামের এক শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এ ঘটনায় ৩২ জনের নামে মামলা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।