কুমিল্লার ঘটনায় খালেদাকে গ্রেপ্তারের দাবি নৌমন্ত্রীর

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্দোলনের কথা বলে গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যা করছে বিএনপির নেতা-কর্মীরা। তারাই কুমিল্লায় পেট্রলবোমা ছুড়ে সাতজনকে হত্যা করেছে। তাই অবিলম্বে এ হত্যার দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এসব কথা বলেন শাজাহান খান। হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও এবং পেট্রলবোমায় মানুষ হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ‘শ্রমিক-কর্মচারী পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’।
সমাবেশে খালেদা জিয়াকে ‘গণহত্যার নায়িকা’ আখ্যায়িত করে শাজাহান খান বলেন, ‘খালেদাকে গ্রেপ্তার না করলে দেশ ও মানুষের স্বাধীনতা রক্ষা করা যাবে না। তাই গণহত্যার নায়িকা খালেদাকে গ্রেপ্তার করে তাঁর “বিষদাঁত” ভেঙে দিতে হবে।’
নৌমন্ত্রী আরও বলেন, দেশব্যাপী হরতাল-অবরোধের নামে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে আগামী বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত সড়কে নীরবে দাঁড়িয়ে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ৭ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। এই কনভেনশনে দেশে সন্ত্রাস-নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধ এবং স্বাধীনতাবিরোধীদের রুখতে কর্মসূচি দেওয়া হবে। এসব কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান শাজাহান খান।
সমাবেশে শাজাহান খানের সভাপতিত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জি এইচ মোর্শেদ খান, ভাইস চেয়ারম্যান মো. সালাহউদ্দিন, মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের মহাসচিব বদরুদ্দোজা প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।