কুমিল্লার নির্বাচন সর্বাঙ্গ সুন্দর হয়নি: ব্রতী
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এর আগে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অর্জিত মান ধরে রাখতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী। সংস্থাটি মনে করে, নতুন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত প্রথম এই সিটি নির্বাচন সর্বাঙ্গ সুন্দর হয়নি। তবে সেখানে ভোট দেওয়ার হার ৭০ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রতী প্রাথমিক প্রতিবেদনে এসব কথা জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যালট ছিনতাই, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সব ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে দেখা যায়নি। বেশ কিছু বুথে বিএনপির মনোনীত প্রার্থীর পোলিং এজেন্টের উপস্থিতি পাওয়া যায়নি। কেন্দ্রের বাইরে ১৪-দলীয় জোট মনোনীত প্রার্থীর পোস্টার এবং সমর্থকদের উপস্থিতির তুলনায় বিএনপির প্রার্থীর পোস্টার এবং সমর্থকদের উপস্থিতি কম দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা পর্যবেক্ষণে দেখেছে, উল্লেখযোগ্য সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি সত্ত্বেও সহিংসতা ও কেন্দ্র দখল বন্ধ হয়নি। এ ছাড়া নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ এসেছে।