খালেদার সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

ঘড়ির কাঁটায় সকাল ১০টা বাজার আগেই কুমিল্লা টাউন হল মাঠ কানায় কানায় ভরে গেছে। জনসভাস্থল ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য। আজ শনিবার বিকেলে এ মাঠেই বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়া ঢাকা থেকে সড়ক পথে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন। কুমিল্লায় তিনি সার্কিট হাউসে উঠবেন। সেখানে দুপুরের খাবার খেয়ে তিনি জনসভায় যাবেন। ছয় বছর পর তিনি কুমিল্লা সফরে যাচ্ছেন।
বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত প্রতিরোধ, গুম, খুন, গুপ্ত হত্যা বন্ধ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গণসংযোগের অংশ হিসেবে এই জনসভা হবে। ওই সভায় খালেদা জিয়া আন্দোলনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক।
বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রেকর্ড করা বক্তব্য জনসভায় শোনানো হয়।
সমাবেশ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।
কুমিল্লা টাউন হল মাঠ জনসভার জন্য অপেক্ষাকৃত ছোট হওয়ায় বিএনপির উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে এলইডি টেলিভিশন লাগানো হয়। নগরের ঝাউতলা, ঈশ্বরপাঠশালা, মনোহরপুর সোনালী ব্যাংক এলাকা, নজরুল এভিনিউ, রাজগঞ্জ ও ঈদগাহ মোড় এলাকায় ওই টেলিভিশন স্থাপন করা হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও জনসভায় আসা ব্যক্তিরা খালেদা জিয়ার বক্তব্য দেখতে ও শুনতে পাবেন।