কুমিল্লার ভোটের শুরুতেই বৃষ্টি  

বৃষ্টিতে ভিজেই ভোট দিতে আসেন ২৪ নম্বর ওয়ার্ডের বাগমারার বাসিন্দা মমতাজ উদ্দিন। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রছবি: সেলিম জাহিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটির নির্বাচনে ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যেই বৃষ্টি শুরু হলো। সকাল থেকে প্রায় সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল মোটামুটি। তবে বৃষ্টির পর ভোট দিতে অপেক্ষমাণ ভোটাররা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন। স্কুলের সেডগুলোতেও ঢুকে পড়তে দেখা গেছে ভোটারদের।

সকাল নয়টার দিকে কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে মোটামুটি বড় সারি ছিল ভোটারদের। এ সময় হঠাৎ শুরু হলো বৃষ্টি। সঙ্গে সঙ্গে ভোটারেরা কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েন। অনেকে আবার আশ্রয় নেন স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের সেডে।  
আজ সকাল আটটায় শুরু হয়েছে এই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত।

গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলটি পড়েছে নগরীর ২৪ নম্বর ওয়াডের মধ্যে
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, সিটির ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এতে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।

বৃষ্টির আগে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ভোটারদের সারি
ছবি: সেলিম জাহিদ

কুমিল্লা সিটির নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচজন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক (রিফাত)। বিএনপি থেকে বহিষ্কৃত ও সিটির সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক (সাক্কু) স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন টেবিলঘড়ি নিয়ে।